জমি নিয়ে বিরোধের জের : নাজিরপুরে এক ব্যক্তির পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ ॥ গ্রেফতার ১
ফিরোজ মাহমুদ, নাজিরপুর :
নাজিরপুর উপজেলার মুগারঝোড় গ্রামে শনিবার দুপুরে জামি নিয়ে বিরোধের জের ধরে সুলতান গাউস (৫৮) নামের এক ব্যক্তির দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত সুলতান গাউসকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম গাউসকে গ্রেফতার করেছে।
পুলিশ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুলতান গাউসের সঙ্গে প্রতিবেশী শামীম গাউস ও তাঁর ভাই শহিদুল ইসলাম গাউসের জমি নিয়ে বিরোধ রয়েছে। ২১ বছর আগে সুলতান গাউসের দখলে থাকা বিরোধীয় ১৫ কাঠা জমি শামীম গাউস ও শহিদুল ইসলাম গাউস রেকর্ড করে নেন। দুই বছর আগে শহিদুল ওই জমি দখল করে সুলতান গাউসের বসতবাড়ির যাতায়াতের পথ বন্ধ করে বেড়া দেন। এ নিয়ে দুই পরিবারের বিরোধ রয়েছে। গত শনিবার দুপুরে সুলতান গাউস বাড়ি থেকে প্রতিবেশীর যাতায়াতের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা শামীম গাউসের ছেলে শরিফুল গাউস ও শহিদুল ইসলাম গাউসসহ চার থেকে পাঁচজন লোক নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে সুলতান গাউসের দুই পা ভেঙে দেয়। এ ঘটনায় ওই দিন রাতে সুলতান গাউসের স্ত্রী তাসলিমা বেগম বাদী শরিফুল গাউসকে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গতকাল রবিবার গ্রেফতারকৃত শহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
