ট্রলার মালিকের জিডি
শরণখোলায় জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলারসহ ব্রীজের পিলার ক্ষতিগ্রস্থ
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় গম বোঝাই জাহাজের ধাক্কায় একটি ট্রলার সহ ব্রীজের পিলার (খুটি) চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় এফ.বি সোহেল-সুমি ফিশিং ট্রলারের মালিক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম কালাম কয়েক লাখ টাকা ক্ষতিপূরণ দাবী করে জাহাজ মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে শরণখোলায় থানায় অভিযোগসহ একটি সাধারণ ডায়রী করেছেন।
আওয়ামী নেতা ও অব: সেনা সার্জেন্ট কালাম বলেন, গত ২৭ জুন দুপুরে তার মালিকানাধীন ট্রলারটি গভীর সমুদ্রে ইলিশ আহরণের জন্য ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে কয়েক লাখ টাকার মালামাল ক্রয় শেষে রায়েন্দা খালের এক পাশে নোঙ্গর করে রাখেন ট্রলারের শ্রমিকরা। ওই দিন দুপুরে খুলনা থেকে রায়েন্দার উদ্দেশ্যে ছেড়ে আসা কয়েক টন গম বোঝায় পূর্বাঞ্চল নামীয় একটি জাহাজ হঠাৎ করে ধাক্কা দিলে ট্রলারটি চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে মৎস্য আহরণের যাত্রা বাতিল হয়ে যায়। একই সময় রায়েন্দা রাজৈর খালের উপর নির্মিত ব্রীজটির একটি খুটি ভেঙ্গে দিয়ে জাহাজটি দ্রুত উপজেলা খাদ্য গুদাম এলাকায় পৌঁছায়। পরে বিষয়টি নিয়ে জাহাজ মালিক ও চালকের সাথে যোগাযোগ করা হলে তারা দেখছি দেখবেন বলে নানা টালবাহনা শুরু করেন। তাই কোন প্রকার ক্ষতিপূরণ না পেয়ে তিনি আইনের আশয় গ্রহণ করেন। এ বিষয় জাহাজ মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে, জাহাজের ম্যানেজার মোঃ শাহজাহান তালুকদার বলেন, ওই ফিশিং ট্রলারের সাথে জাহাজের সামান্য ধাক্কা লেগেছে। এতে ক্ষতিপূরণ দেয়ার প্রশ্নই আসেনা। এছাড়া ঘটনার পর ওই আওয়ামী নেতার নেতৃত্বে জাহাজের চালককে মারধর করা হয়েছে।
