ইন্দুরকানীতে ৬৫০ ভূমিহীন দুঃস্থ পরিবার ঈদের আগে ঈদ সামগ্রী পেলেন
ইন্দুরকানী প্রতিনিধি :
ঈদের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পদচারনায় সরগরম হয়ে উঠলেও পিরোজপুর-২ আসনের ইন্দুরকানী উপজেলায় এর ব্যতিক্রম। এ উপজেলায় গত কয়েক বছরে আবাসন ও ভূমিহীন পরিবারে ঈদের আনন্দ অনেকটা ম্লান ছিল। দুঃস্থদের কোন রাজনৈতিক দলের নেতা বা কোন দানশীল ব্যক্তি ঈদের সামগ্রী বিতরন করত না। ফলে তারা মানুষের কাছে সেমাই চিনির টাকা চেয়ে কোন রকম ঈদ করত।
কিন্তু এবছর এ উপজেলার পাড়েরহাট আবাসন, কলারই আবাসন ও সাঈদখালী ৬৫০ দুঃস্থ ভূমিহীন পরিবারের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করলেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ইমরান। তিনি গত বৃহস্পতিবার নিজে উপস্থিত থেকে দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আ’লীগ নেতা খসরু খলিফা, যুবলীগ নেতা শাওন তালুকদার, ইউপি সদস্য আবুল হোসেন, আঃ হাই জোমাদ্দার, প্রমুখ।
ঈদের সামগ্রী পেয়ে আবাসন ও ভূমিহীন পরিবারের বাসীন্দারা উৎফুল্ল। সাঈদখালী ভূমিহীন পরিবারের সদস্য জেসমিন জানান, মোর টাহা পয়হা নাই কি কইরয়া পোলা পানগো ঈদের দিন সেমাই খাওয়ামু। এ বছর সেমাই চিনি পেয়ে মুই খুশি কেওর দারে যাওয়া লাগবে না। এভাবে এ উপজেলার ৬৫০ ভূমিহীন পরিবার সেমাই চিনি পেয়ে অনেকটা তৃপ্ত।
