পাইকগাছায় তুচ্ছ ঘটনায় পিতা-পুত্রকে মারপিট করে আহত করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় প্রতিপক্ষ ছাগল মালিকের বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহত পিতা-পুত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর গ্রামের মৃত মিরাজ উদ্দীন গাজীর ছেলে হত দরিদ্র আবুল কালাম গাজী খান ভাটা সংলগ্ন ১ একর কপোতাক্ষ চরভরাটি জমি লীজ নিয়ে মৎস্য চাষ করে আসছে। লীজ ঘেরেই পরিবার পরিজন নিয়ে আবুল কালাম বসবাস করছে। গত ১ জুন লীজ ঘের সংলগ্ন ওয়াপদার বাসিন্দা পল্টু নামের এক ব্যক্তির ছাগল কে বা কাহারা মেরে ফেলে। এ ঘটনায় এ দিন সন্ধ্যায় পল্টু কালামকে ডেকে নিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি দিয়ে মারপিট করে। এ খবর জানতে পেরে কালামের মানসিক প্রতিবন্ধি পুত্র আবু তালেব (১৭) পিতার মারপিট ঠেকাতে গেলে তাকেও বেদম মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে আহত পিতা-পুত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী জানান, ছাগলের মালিক কালামকে আমার কাছে নিয়ে আসে। এ সময় কালাম আমার নিকট মারপিট করার অভিযোগ করে। তবে বিষয়টি স্থানীয় ভাবে মিটিয়ে নেওয়ার জন্য আমি উভয়কে পরামর্শ দেই। এদিকে মারপিট করার ঘটনার তদন্ত পূর্বক সুষ্ঠু বিচারের দাবী করেছেন হতদরিদ্র আবুল কালাম ও তার পরিবার।
