প্রধান সূচি

ভান্ডারিয়ায় আওয়ামী লীগের ইফতার মাহফিল

ভান্ডারিয়া প্রতিনিধি :
জেলার ভান্ডারিয়ায় আজ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় ভূমি অফিস প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রষিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুদ্দিন গিয়াস, জেপির ভান্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, জেপি নেতা ইউসুফ আলী আকন, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. হুমায়উন কবির, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রষিদ তারিক, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, জাতীয়পার্টি (জেপি) ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং ব্যবসায়ীবৃন্দ শরিক হন।
প্রধান অতিথি একেএমএ আউয়াল তার বক্তব্যে বলেন, স্বাধীনতা, ৬ দফা আন্দোলন ও আওয়ামী লীগের দল গঠনে ভান্ডারিয়ার সন্তান মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার যে অবদান তা অস্বীকার করার কোন সুযোগ নেই। প্রধান মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ সকল সেক্টরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা জনগনকে বোঝাতে হবে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন বাংলাদেশ একটি তলা বিহীন ঝুড়ির দেশ। আর সেই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেশের মানূষকে বলেছেন দেশকে উন্নতির দিক নিয়ে যেতে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে কৌশল তা আমাদের লক্ষ্য করা উচিত। কারণ যে বাংলাদেশ একদিন খাদ্য আমদানি করত। আজ তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিনত হয়েছে।
এমপি আউয়াল আরো বলেন, আমরা ১৪ দলের সরকার। আর সেই সরকারের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র দিক নির্দেশনা মানতে আওয়ামী লীগের কোন দ্বিধা নেই। তাই আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি) মিলে মিশে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিবাদ করলে উন্নয়ন কাজ ব্যহত হয়। তাই সকলে মিলে মিশে একত্রে কাজ করতে হবে।
বিশেষ অতিথি পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেন, উন্নয়নের কোন বিকল্প নেই। পিরোজপুর জেলাকে একটি উন্নয়নের মডেল জেলা হিসেবে তৈরী করা হবে। আর সেজন্য সকল দলের নেতা-কর্মীদের সহযোগিতা একান্ত কাম্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র দীর্ঘায়ু কামনা করে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ সকল শহীদদের স্মরণ করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতী জাকারিয়া আল কাসেমী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial