বাগেরহাটে ৩০ ফুট রাস্তার জন্য ভোগান্তিতে ২০টি পরিবার
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন জেলখানা রোডের পাশ দিয়ে যাওয়া মাদ্রাসা রোড নামে পরিচিত মাত্র ৩০ ফুটের একটি রাস্তার জন্য চরম ভোগান্তির মধ্যে পরেছে ২০টি পরিবার। যাতায়াতের একমাত্র মাধ্যম এ মাটির রাস্তাটি সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হওয়ার কারনে ভোগান্তির শেষ নেই যেন এই ২০টি পরিবারের সদস্যদের মাধ্যে। আর জলমগ্ন এ রাস্তাটি দিয়ে খুব কষ্টে যাতায়াত করছে স্কুলগামী কোমলমতি শিশুরাসহ অন্যান্য লোকজন। এ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলরসহ বাগেরহাট পৌরসভায় আবেদন করেও কোন প্রতিকার মিলছে না।
এ প্রতিবেদকের সাথে কথা হলে স্থানীয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলাইমান শেখ বলেন, এই রাস্তাটির শেষে খারদ্বার মাদ্রাসা অবস্থিত। রাস্তারটির আশপাশ নিয়ে প্রায় ২০টি পরিবারের বসবাস এখানে। সামান্য বৃষ্টিতেই মাটির এ রাস্তাটি পানিতে জলমগ্ন হয়ে পরে। আর বর্ষা মৌসুমের পুরো সময় জুড়ে হাটু পানিতে ডুবে থাকে রাস্তাটি। কাঁদাপানিতে ভিজে খুব কষ্ট করে স্থানীয় বাসিন্দাসহ ছেলে-মেয়েদের স্কুল কলেজে যাতায়াত করতে হয়। আর পানিবাহিত বিভিন্ন রোগ-বালাই তো আছেই। সড়কটি সংস্কারের জন্য লিখিতভাবে পৌরসভায় আবেদন করা হলেও কোন কাজ হয়নি।
এ বিষয়ে কথা হলে ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ফারুক তালুকদার বলেন, ভোগান্তির শিকার ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বিষয়টি আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন। আশা করছি খুব দ্রুতই রাস্তাটির কাজ শুরু করা হবে।
এ বিষয়ে পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে বিয়ষটি জানিয়েছেন। অচিরেই জলমগ্ন ওই রাস্তারটির কাজ শুরু করা হবে।
