বিশেষায়িত বিশ্ববিদ্যালয় দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুর জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরের প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ শহরের টাউন ক্লাব রোডে আজ শনিবার সকাল ১০ টায় এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মইনুল আহসান মুন্না।
দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সুপ্র জেলা কমিটির সভাপতি গৌতম চৌধুরী, সনাক সহ-সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহরায়ক আফজাল হোসেন লাভলু, শেখ রাসেল ক্রীড়া সংস্থার সভাপতি জাহাঙ্গীর হোসেন, আঞ্জুমানে মফিদুল ইসলামের জেলা সম্পাদক মোঃ লুৎফর রহমান, সাংবাদিক একে আজাদ, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম।
বক্তারা বলেন, উপকূলীয় জেলা পিরোজপুর উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে। এ জেলার ব্যাপক সম্ভাবনা থাকলেও, এখানে নাই কোন বিশ^বিদ্যালয়। ফলে এই এলাকার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য অনেক দূরে যেতে হয়। তাই এই এলাকার উন্নয়নের জন্য বক্তারা কৃষি, চিকিৎসা, কারিগরি কিংবা তথ্য, বিজ্ঞান, প্রযুক্তি ভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
