কাউখালীতে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন ও হাতপাখা হাতে নিয়ে মানববন্ধন
কাউখালী প্রতিনিধি :
বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে জেলার কাউখালী উপজেলায় হারিকেন ও হাতপাখা হাতে নিয়ে মানববন্ধন করেছে উপজেলাবাসী। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত উপজেলার উত্তর বাজার সড়কের পুরাতন রাজস্ব অফিসের সামনে মানববন্ধন করেন গ্রাহকরা।
কাউখালীতে উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে নিয়মিত বিদ্যুতের ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদে ও পিরোজপুরের পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনার বিরুদ্ধে হাতপাখা ও হারিকেন হাতে নিয়ে সর্বস্তরের জনগণ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পরে উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রতন, ব্যবসায়ী আবু মোঃ ফরিদ, প্রভাষক মোঃ নজরুল ইসলাম বাবু, অরুন কর্মকার প্রমুখ। এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।
বক্তারা বলেন, গত এক মাস ধরে উপজেলা শহরে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা এবং গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেন না। এ অবস্থা কেন হচ্ছে, তা উচ্চপর্যায়ে তদন্ত হওয়া দরকার। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তারা ঘোষনা দেন।।
