প্রধান সূচি

সরকারের নামে হস্তান্তর করা হলো পাইকগাছা কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি

পাইকগাছা প্রতিনিধি :

সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের ডিড অফ গিফ্ট (হস্তান্তর দলিল) সম্পাদন কাজ সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে  উপজেলা সাব-রেজিষ্ট্রারের মাধ্যমে কলেজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকার (সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর অনুকুলে দানপত্র দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়। কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

উলে¬খ্য, উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাইকগাছা কলেজ অন্যতম। ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর হতে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু অতিব দুঃখের বিষয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি জাতীয়করণ সহ সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল দীর্ঘ সময়। প্রতিষ্ঠানটি জাতীয়করণের ব্যাপারে এলাকাবাসী দীর্ঘদিন দাবীও জানিয়ে আসছিল। এলাকাবাসীর জনগুরুত্বপূর্ণ এ দাবী বছরের পর বছর ধরে উপেক্ষিত হতে থাকে। অবশেষে ২০১০ সালের ২৩ এপ্রিল কয়রার এক জনসভায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রা ও পাইকগাছার একটি করে কলেজ জাতীয়করণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতিতে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ অনেকটাই সুগম হলেও নানা কারণে প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতি বাস্তবায়নে গত কয়েক বছরে তেমন  কোন উদ্যোগ কিংবা অগ্রগতি দেখা যায়নি। ফলে কিছুটা হলেও নিরাশ হয়ে পড়েন এলাকাবাসী সহ কলেজ কর্তৃপক্ষ। অবশেষে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬ সালের ২২ আগস্ট ঐতিহ্যবাহী কলেজটি জাতীয়করণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি করণ প্রক্রিয়ার অংশ হিসাবে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষ সরেজমিন কলেজ পরিদর্শন করে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেন। সবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাখা-৯ (বেসরকারি কলেজ-১) এর সিনিয়র সহকারী সচিব নাছিমা খানম গত ২০ এপ্রিল এক পত্রের মাধ্যমে বেসরকারি কলেজ সরকারি করণ প্রক্রিয়ার অংশ হিসাবে তালিকাভুক্ত কলেজ সমূহের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকার (সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর নিকট হস্তান্তর করে রেজিষ্ট্রিকৃত দানপত্র দলিল (ডিড অফ গিফ্ট) সম্পাদন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial