কাল অনির্বাণ লাইব্রেরিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প
পাইকগাছা প্রতিনিধি :
আগামীকাল বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামের অনির্বাণ লাইব্রেরিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, পাইকগাছা ডায়াবেটিকস ফাউন্ডেশন ও অনির্বাণ লাইব্রেরির যৌথভাবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
সকাল ৮টায় ক্যাম্পের উদ্বোধন করবেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ শহীদ উল¬াহ, পার্লামেন্টনিউজ-এর প্রধান সম্পাদক কামরুজ্জামান সেলিম, সমাজ সেবক শেখ মোঃ আলী বাবু, পার্লামেন্ট জার্ণালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিখিল ভদ্র, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিশ্বজিৎ মন্ডল। সভাপতিত্ব করবেন অনির্বাণ লাইব্রেরির সভাপতি সমীরণ দে।
ক্যাম্প পরিচালনা কমিটির আহবায়ক ডা. বাসুদেব রায় জানান, অনির্বাণ লাইব্রেরি প্রতি বছরই এ ধরণের বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করে। বৃহস্পতিবার দিনব্যাপী এই চক্ষু, ডায়াবেটিকস ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে। রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হবে। আর চোখের রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় অপারেশনের উদ্যোগ নেয়া হবে।
