পাইকগাছায় ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের অফিস ভবন
পাইকগাছা প্রতিনিধি :
৭৪ লাখ টাকা ব্যয়ে পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভবন নির্মাণ হচ্ছে। বর্তমানে ভবনের প্রায় ৫ শতাংশ কাজ বাকি রয়েছে। যা চলতি অর্থবছরের মধ্যে শেষ হলে আগামী নতুন অর্থ বছরের শুরুতেই নবনির্মিত ভবনটি ব্যবহার করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
উল্লেখ্য, বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের যাবতীয় কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে পরিচালিত হয়ে আসছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়ে আসছে। যদিও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েও পরিবার পরিকল্পনা দপ্তরের অনেক অনেক ক্ষেত্রে সার্বিক অগ্রগতি জাতীয় পর্যায়ের চেয়ে অনেক বেশি রয়েছে। যেমন জনসংখ্যা বৃদ্ধির জাতীয় হার যেখানে ১.৩৯ শতাংশ সেখানে উপজেলার হার ০.৫৬ শতাংশ। টিএফআর এর জাতীয় হার ২.০৭ সেখানে স্থানীয় হার ১.৬৫, পরিবার পরিকল্পনা গ্রহণকারী জাতীয় হার ৫৬% অথচ স্থানীয় হার ৭৯%। বর্তমানে উপজেলায় সক্ষম দম্পত্তির সংখ্যা ৫৭ হাজার ২২১ জন। পরিবার পরিকল্পনা গ্রহণকারীর সংখ্যা ৪৫ হাজার ২৩০। পরিবার পরিকল্পনা সেবাই সংশ্লিষ্ট দপ্তরে প্রায় ৮০ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে সীমিত পরিসরে অনেক জনবল নিয়ে কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। ২০১৫-১৬ অর্থবছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মধ্যে প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে পরিবার পরিকল্পনা ষ্টোর-কাম অফিস ভবন। নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে অবস্থান করছে। সম্পূর্ণ কাজ শেষ হলে আগামী জুলাই মাসে নবনির্মিত ভবনটি ব্যবহার করা সম্ভব হতে পারে বলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন জানান। তিনি বলেন, ভবনটি হস্তান্তরের জন্য পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালককে সভাপতি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব, উপজেলা নির্বাহী অফিসারের একজন প্রতিনিধি, উপজেলা প্রকৌশলী ও একজন মেডিকেল অফিসারকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে নবনির্মিত ভবনটি হস্তান্তর করা হবে। নিজস্ব নতুন ভবনে পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধি পাওয়াসহ সভা, প্রশিক্ষণ, ষ্টোর, নিরাপদে ঔষধ রাখার সু-ব্যবস্থা ও দাপ্তরিক কর্মকান্ড গতিশীল হবে বলে স্থানীয় এ কর্মকর্তা মনে করছেন।
