পিরোজপুরে পুলিশী বাধায় বিএনপির কর্মীসভা পন্ড
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে পুলিশের বাধার কারণে আজ শনিবার জেলা বিএনপি কর্মীসভা পন্ড হয়ে গেছে। সকাল সাড়ে ১০ টায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ের মধ্যে জেলা সভাপতি গাজী নূরুজ্জামান বাবুলের সভাপতিত্বে বিশেষ কর্মী সভা শুরু করলে কার্যালয়ের বাইরে অবস্থানরত কিছু নেতা কর্মীকে পুলিশ ত্যাগ করতে বললে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথার কাটা কাটি শুরু হলে পুলিশ এক পর্যায় তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় যুবদলের নেতা রিয়াজ শিকদারকে পুলিশ গ্রেফতার করেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ডঃ আসাদুজ্জামান রিপন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা দাবি করেন, পুলিশের লাঠি পেটায় তাদের ১৫ নেতা কর্মী আহত হয়েছেন। তবে সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস আহত হওয়ার ঘটনাটি অস্বীকার করে বলেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। কোন লাঠিপেটা হয়নি বা কেউ আহত হয়নি। তিনি বলেন বিএনপিকে অনুমতি দেয়া হয়েছিল অফিসের মধ্যে তারা কর্মীসভা করবে বাইরে নয়। এদিকে সকাল থেকে বিএনপির অফিস এলাকা জুড়ে পুলিশের মারমুখী অবস্থান ছিল চোখে পড়ার মতো। পুলিশের আচরণে ক্ষুব্দ হয়ে ডঃ আসাদুজ্জামান রিপন তাৎক্ষণিক সভার কার্যক্রম শেষ করে উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশে সামরিক আইন ও বাকশালের চেয়েও খারাপ অবস্থা চলছে। বিএনপির মতো দলকে ঘরের মধ্যেও সভা করতে দেয়া হয়না। পুলিশের এহেন কর্মকান্ডে সরকারের দুর্নাম হচ্ছে। তিনি বলেন সরকার গণতন্ত্রের নামে বিরোধী দলের সাথে স্বৈরাচারী আচরণ করছে।
সভায় অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান, আকন কুদ্দুচুর রহমান, মাহবুবুল হক নান্নু, অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সভাপতি মাহতাব উদ্দিন খোকন, কর্নেল (অবঃ) শাহজাহান মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
