নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকুন … আনোয়ার হোসেন মঞ্জু
মোঃ হাফিজুর রহমান :
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে এলাকার উন্নয়ন তরান্বিত হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকুন। তাহলে এ উপজেলায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে এবং আপনারই এর সুফল ভোগ করবেন। তিনি বলেন, চলমান উন্নয়নের কাজে কেউ যদি বাধা দেয় সে যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবেনা। আপনারা যে যে দলই করেন না কেন তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু উন্ন্য়নের ক্ষেত্রে সকলে মিলে মিশে কাজ করতে হবে।
আজ শনিবার দুপরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া ফেরিঘাটে দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে ৮০ লাখ টাকা ব্যয়ে কচা ও বলেশ^র নদের বিলিন হওয়া বেড়িবাঁধের পুনঃনির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল হুদা, সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল কবির মজনু তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি’র উপজেলা সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন বয়াতি, জেপি’র উপজেলা সভাপতি আসাদুল কবির স্বপন, সিনিয়র সহ সভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, জেপি সহ-সভাপতি মোকাররম হোসেন কবির ও কাউছার আহমেদ দুলাল, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ পান্না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন, জাতীয় মহিলা পার্টির উপজেলা সভানেত্রী শারমীন হোসেন, যুবসংহতির উপজেলা সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে পরিবেশ ও বন মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেল, জেপি’র ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।
এর আগেরদিন শুক্রবার পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলার নদমূলা হাইস্কুল মাঠে নদমূলা গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রমে উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জনগণের সমর্থন ও আল্লাহর রহমত নিয়ে আমরা চলি। এ গ্রামে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় মানুষ অন্ধকারমুক্ত হবে এবং তার সুফল পাবে।
নদমূলা শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক প্রকৌশলী শংকর কুমার কর, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারেক ও নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজাহান তালুকদার।
এদিন বিকেলে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলার ইকড়ি তেলিখালী ইউনিয়নের সীমানায় এলজিইডি নির্মিত আরসিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন। এরপর সমাজিক বন বিভাগের ব্যবস্থাপনায় কোরাসিয়া মরাখাল, দক্ষিণ তেলিখালী ও হরিণপালায় সরকারি পুকুর পুনর্খনন কাজ এবং জুনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নির্মিত ব্রীজের শুভ উদ্বোধন করেন। এসব উদ্বোধন কালে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, সামাজিক বন বিভাগের বাগেরহাটের ডিএফও খগেশ চন্দ্র কর্মকার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, তেলিখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, পিরোজপুর জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার প্রমুখ।
এদিকে, বৃহস্পতিবার রাতে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর জেলার ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত নয় দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখেরী মোনাজাতে শরিক হন। এ সময় তিনি মুসল্লীদের উদ্দেশ্যে দেয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন মহান আল্লাহতালা ফ্যাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। যারা মানুষের উপর অত্যাচার-নির্যাতন করে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন, কারও সাথে অন্যায়-জুলুম করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। মজলুমের কাছে ক্ষমা না চাইলে আল্লাহ জুলমকারীকে ক্ষমা করবেন না। এই জন্য মানুষের সাথে নরম কণ্ঠে কথা বলা উচিত। আল্লাহর রহমত না থাকলে ভাগ্যের পরিবর্তন হয় না। তিনি বলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই শব-ই-বরাতে সবাই এখানে একত্রিত হতে পেরেছি। আমি আগেও এ তাফসীর মাহফিলে অনেক বার উপস্থিত থাকার সুযোগ পেয়েছি। কিন্তু কখনই শব-ই-বরাতে ঢাকার বাইরে ছিলাম না। নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। এই নামাজ একান্ত চিত্তে পড়তে হবে। আল্লাহ বলেন ‘আমি এমন কিছু করতে বলিনি যার দ্বারা তোমাদের কষ্ট হবে, নামাজ বড় ও ছোট সুরা দ্বারাও পড়া যায়’। আমরা রাতে ঘুমানো সময় তওবা করে ঘুমাই, কারণ সকালে ঘুম থেকে উঠে আবার অফিসে যেতে পারব কিনা তার কোন নিশ্চয়তা নেই। তিনি বলেন, আল্লাহ মহান, সর্বশক্তিমান এবং সকল ক্ষমতার মালিক। আমাদের সব সময় চিন্তা ও ধ্যনধারণার মধ্যে আল্লাহকে স্মরণ করতে হবে।
বৃহস্পতিবার তফসীরুল কোরআন মাহফিলে শেষ দিনে আখেরী মোনাজাত পরিচালনা করেন সন্দ্বীপী পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী ফায়জুল্লাহ। ভান্ডারিয়া ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বৃহস্পতিবার সন্ধ্যার পর ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের চড়াইল জোমাদ্দার হাট সংলগ্ন মোঃ রাশেদ জোমাদ্দারের বাড়িতে গ্রামবাসীদের সাথে এক উঠান বৈঠকে মিলিত হন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব ও সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন। এ বৈঠকে এলাকার বিদ্যুৎ, রাস্তা ও গভীর নলকূপ বিষয়ে বক্তব্য রাখেন মোঃ লোকমান জোমাদ্দার, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, নজীর আলী জোমাদ্দার, ইউপি সদস্য মোঃ হারুন অর রশীদ, শিক্ষক মজিবুর রহমান, কলেজ ছাত্র মাহমুদল হাসান প্রমুখ গ্রামবাসী। এ সময় মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, গ্রামীণ রাস্তা দিয়ে রিকসা-ভ্যানসহ ছোট ছোট যানবাহন চলাচল করার কথা থাকলেও ভারী যান চলায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা নির্মাণে অনিয়ম হওয়ায় তা বার বার মেরামত করতে হচ্ছে। জনগণকে রাস্তার প্রতি খেয়াল রাখাসহ তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রকল্পের বিষয় এলাকাবাসীকে অবহিত করতে অনুরোধ জানান। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী।
