প্রধান সূচি

দেশের উন্নয়ন ভাবনায় তরুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত গতি সকলকে আশাবাদী করেছে …. আনোয়ার হোসেন মঞ্জু

মাহামুদুর রহমান মাসুদ ও শংকরজিৎ সমাদ্দার :
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তরুন প্রজম্মের মধ্যে যে গতি সঞ্চারিত হয়েছে তা আমাদেরকে আশাবাদী করে তুলছে। দেশের উন্নয়ন ভাবনায় তরুনদের এ গতি অপ্রতিরোধ্য এবং এর প্রভাব সুদৃঢ়, সুগভীর ও সুদূরপ্রসারী। যা আমাদের ভবিষ্যতকে আরো সম্ভাবনাময় করে তুলবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্নয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে উপজেলা পরিষদ তথা প্রশাসনিক ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। উন্নয়ন কাজ যাতে সুষ্ঠ ভাবে করা যায় তার জন্য স্থানীয় পর্যায়ের জন প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রের নজরদারী থাকবে কিন্তু হস্তক্ষেপ করা বাঞ্চনীয় নয়। স্থানীয় জনপ্রতিনিধিদেরও মিলে মিশে কাজ করতে হবে এবং জনগণের সামনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতবাদ থাকতে পারে কিন্তু তা উন্নয়ন ক্ষেত্রে বাঁধা হয়ে দাড়ানো কাম্য নয়।
মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদেরও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়ন কাজসহ সকল সেবা মুলক কাজ করার মানসিকতা থাকা জরুরী। বিকেন্দ্রীকরণের ধারনা আত্মস্থ করা যেমন সকলের জন্য অপরিহার্য্য তেমনি এ ক্ষেত্রে গতানুগতিক ধারনার পরিবর্তন করে উপলব্ধি করতে হবে দায়িত্ব পালন ক্ষেত্রে সকলেই জনগণের সেবক।
সমস্যা আছে সমস্যা থাকবে কিন্তু এর মধ্যেও কাজ করে যেতে হবে, বিদ্যমান অসুবিধা দূর করতে সময় লাগলেও ঐক্যবদ্ধ ভাবে তা মোকাবেলা করা সকলের দায়িত্ব। উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন এবং সকল দপ্তরের প্রধানদের কাছ থেকে বক্তব্য শোনেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি, মাহিবুল হোসেন মাহিম, তেলিখালী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমুলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার বাবুল, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।
শেষে শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদ্রাসা এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial