মঠবাড়িয়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাসেল হাওলাদার (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহত রাসেল উপজেলার মধ্য সোনাখালী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে।
জানা গেছে, রাসেলের বাবা-মা বিভিন্ন এনজিও থেকে ঋন গ্রহণ করে পরিশোধ না করে ঢাকা চলে যাওয়ায় এনজিও কর্মীদের তাগাদায় সে অতিষ্ঠ হয়ে পরে। এছাড়া মহাজনের কাছ থেকে দৈনিক মজুরীর টাকা না পেয়ে রাসেল হতাশায় ভুগছিল।
রাসেলের স্ত্রী মারুফা আক্তার জানান, শশুর-শ্বাশুড়ি ঢাকায় থাকায় বাড়িতে আমরা স্বামী-স্ত্রী দু’জনে ছিলাম। বুধবার সকালে আমি পাশের ঘরে গিয়ে ফিরে এসে দেখি ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে রাসেল ঝুলছে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
