মঠবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী-শ্বাশুড়ি পলাতক
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রাম থেকে সোমবার সকালে আয়েশা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর স্বজনরা অভিযোগ করেছেন, স্বামীর পরকীয়ায় বাঁধা ও যৌতুকের দাবীকৃত টাকা না পেয়ে স্বামী ও শশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। আয়েশা বেগম দক্ষিণ বড়মাছুয়া গ্রামের জেলে রুহুল আমীনের স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী রুহুল আমীন পলাতক রয়েছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর ভোলমারা গ্রামের আঃ হাসেম খানের মেয়ে আয়েশা বেগমের সাথে দক্ষিণ বড়মাছুয়া গ্রামের আঃ মান্নানের ছেলে রুহুল আমীনের সাথে প্রায় চার বছর পূর্বে বিয়ে হয়। ওই দম্পতির আড়াই বছর বয়সের একটি শিশু পুত্র রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।
নিহত গৃহবধূর ভাই সিদ্দিক খান অভিযোগ করেন, স্বামী রুহুল আমীনের পরকীয়া বাঁধা দেয়া ও মোটর সাইকেল ক্রয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে গত কয়েক মাস ধরে আয়েশাকে শারিরিক নির্যাতন করে আসছিল। এ কলহের জের ধরে গত দেড় মাস বাবার বাড়িতে থাকার পর স্থানীয় বেল্লাল ও নুরুজ্জামানের মধ্যস্ততায় গত তিন দিন আগে স্বামীর বাড়িতে আসে। গতকাল রোববার রাতের যেকোন একসময় ঝগড়া-ঝাটির এক পর্যায়ে শারিরিক নির্যাতন শেষে আয়েশাকে হত্যা করে লাশ ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রেখে স্বামীসহ শশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানাযাবে।
