ইন্দুরকানীতে মধ্যযুগীয় কায়দায় কলেজ ছাত্রকে নির্যাতন
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে মধ্যযুগীয় কায়দায় এক কলেজ ছাত্রকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নির্যাতনকারীকে আটক করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার ইন্দুরকানী গ্রামের ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে কথার কাটাকাটিতে এক পর্যায়ে আলতাফ হোসেন সিকদার ও তার বোন পাখি বেগম ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ইন্দুরকানী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ শাহরিয়ার হোসেন (১৮) কে লোহার নিড়ানী, দাও ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। তাদের আঘাতে কলেজ ছাত্র মাটিতে লুটিয়ে পড়লে মুমূর্ষ অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। তার ঘাড়ে, পিঠে, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে ৬৩টি আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার রাতে অভিযুক্ত নির্যাতনকারী আলতাফ হোসেনকে আটক করে পুলিশ। এ বিষয়ে কলেজ ছাত্রের পিতাঃ আঃ খালেক হাওলাদার বাদী হয়ে সোমবার সকালে ইন্দুরকানী থানায় ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় আটক দেখিয়ে অভিযুক্ত আলতাফ হোসেনকে সোমবার আদালতে পাঠিয়েছে।
কলেজ ছাত্রের পিতা আঃ খালেক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলতাফ ও তার বোন পাখি আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালায়। সময়মত লোকজন ছুটে না আসলে তাকে তারা মেরেই ফেলত।
ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামী আলতাফ হোসেনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
