সন্তানকে বাঁচাতে গিয়ে বাস চাঁপায় মায়ের মর্মান্তিক মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় সন্তানকে বাঁচাতে গিয়ে বাস চাঁপায় কুলসুম বেগম (৩৫) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্য হয়েছে। রবিবার সকালে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের দফাদার বাড়ি সংলগ্ন ষ্টীল ব্রীজে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত কুলসুম উপজেলার কচুবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম গাজীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, দফাদার বাড়ি সংলগ্ন ব্রীজে পাথরঘাটা-মঠবাড়িয়া গামী উভয় দিক থেকে দ্রুত গতিতে একটি বাস ও একটি ট্রলি উঠে পড়লে চালকরা সংঘর্ষ এড়াতে হার্ড ব্রেক করলে মায়ের কোলে থাকা ছাব্বির (৭) বাস থেকে ছিটকে ব্রীজে ওপর পড়ে যায়। এসময় মা কুলসুম সন্তান ছাব্বিরকে বাঁচাতে গিয়ে বাস (বরগুনা – ৩৮৭৭) এবং ষ্টিলের ব্রীজের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। এসময় বাসের চালক মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত কুলসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে নিহতের বাবা পনু খা বাদী হয়ে বাস ও ট্রলি চালককে আসামী করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক বাস ও ট্রলি দুটি আটক করা হয়েছে।
