প্রধান সূচি

পিরোজপুরে দলীয় কোন্দলে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

ষ্টাফ রিপোর্টার :

আওয়ামী লীগের স্থানীয় দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিরোজপুর সদর থানার কদমতলায় সাকিব (১৭) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঐ ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের ধোপাবাড়ী ব্রিজের কাছে মতি খানের বাড়ীর সামনে।

হামলায় সাকিবসহ মটরসাইকেলে থাকা তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সাকিবকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। গতকাল রবিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব।

নিহত সাকিব অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলতাফ হোসেনের ছেলে ও স্থানীয় ছাত্রলীগ কর্মী। সে পিরোজপুর ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণিতে পড়াশুনা করতো বলে জানা গেছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, সাকিব তার দলীয় কর্মীদের সাথে শনিবার রাতে স্থানীয় একপাই জুজখোলা ধোপাবাড়ী ব্রীজের কাছে মতি খানের বাড়ির সামনে পৌঁছলে প্রতিপক্ষরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। এ সময় সাকিবসহ তিনজন অস্ত্রাঘাতে আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাকিব কদমতলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ খানের সমর্থক। দলীয় প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মুক্তার সমর্থক ছাত্রলীগ কর্মীদের আক্রমণে সে নিহত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার জানান, স্থানীয় পোরগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রচারণায় গিয়ে প্রতিপক্ষের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সাকিব নিহতের ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial