সুন্দরবনে বনদস্যু ‘বড় ভাই বাহিনী’র দুই সদস্য আটক || আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের জোংড়ার খাল এলাকা থেকে বনদস্যু ‘বড় ভাই বাহিনী’র দুই সদস্যকে আটক করেছে র্যাব। বনদস্যু দমনে শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের মোংলার পশুর নদী সংলগ্ন জোংড়ার খালে বিশেষ অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় র্যাব সদস্যরা বাইনোকুলারের মাধ্যমে বনের মধ্যে দস্যুদের অবস্থান ও আনো-গোনা টের পায়। পরবর্তীতে র্যাব সদস্যরা বনে ভিতর প্রবেশ করামাত্র দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বড় ভাই বাহিনীর দুই সদস্য খলিল শেখ (৩২) ও নজরুল ইসলাম মোল্লা (৪২)কে আটক করা হয়। এদের বাড়ী বাগেরহাটের রামপালের সুলতানিয়া ও কালিকাপ্রসাদ গ্রামে। আটককৃত দস্যুদের কাছ থেকে ১টি বিদেশী একনালা বন্দুক, ১টি বিদেশী দুইনালা বন্দুক, ২টি বিদেশী কাটা রাইফেল ও ১৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক দস্যুদের অস্ত্র-গুলিসহ খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির বলেন, বনদস্যু বড় ভাই বাহিনীর ৫/৬ জন সদস্য জোংড়া খালে অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই বনদস্যু আটক হলেও অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বাকীরা আগেই পালিয়ে যায়। পলাতকদের আটকে র্যাবের তৎপর অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
