প্রধান সূচি

সাঈদীর রিভিউ শুনানি চলতি সপ্তাহেই

কন্ঠ ডেস্ক :
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের বিরুদ্ধে করা দুটি রিভিউ শুনানি চলতি সপ্তাহেই হবে।
১৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অবকাশ শেষে সপ্তাহের প্রথম দিন আজ রবিবার থেকে বিচারপ্রার্থী ও আইনজীবীদের পদচারণায় সরব হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
কোর্ট খোলার পর গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার সাথে আমৃত্যুকারাদন্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দন্ড থেকে খালাস চেয়ে সাঈদীর এবং দন্ড বাড়িয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ শুনানি, এরশাদের সাজার বিরুদ্ধে করা আপিলের রায়, নি¤œ আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন নিয়ে আপিল, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল, ঐশী রহমানের আপিলের রায়, রমনায় বোমা হামলার মতো আলোচিত মামলাগুলো নিয়ে সপ্তাহজুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন ও খালাস চেয়ে আসামি সাঈদীর রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য রেখেছেন আপিল আদালত। গত ৬ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করে আদেশ দেন।
২০১৬ সালের ১৭ জানুয়ারি আপিলের রায়ের রিভিউতে দন্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেন সাঈদীর আইনজীবীরা। মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদন্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে। একই বছরের ১২ জানুয়ারি সাঈদীর অপরাধের জন্য তার শাস্তি আমৃত্যু কারাদন্ড থেকে বাড়িয়ে মৃত্যুদন্ড করার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে। রাষ্ট্রপক্ষের ৩০ পৃষ্ঠার মূল আবেদনে ৫টি গ্রাউন্ড দেখানো হয়।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ জন বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেন। তার আগে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial