মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত ॥ আহত-৩
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া সড়কে আজ শনিবার সকালে একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজের কাছে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে একজন ও অন্যজন বরিশাল নেয়ার পথে ভান্ডারিয়া এলাকায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন সেতারা বেগম জানান, চরখালী থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা মাহিন্দ্রটি শনিবার সকাল ৮ টার দিকে তুষখালী বাজার অতিক্রম করে তুষখালী কলেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে একটি তাল গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে মাহিন্দ্র যাত্রী মাওলানা আব্দুস সালাম হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়। আহত তৌফিক মিয়া (৬০) নামের এক ব্যবসায়ীকে বরিশাল নেয়ার পথে মারা যায়।
আহত ৩ জনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মাওলানা আব্দুস সালাম হাওলাদার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের মৃত মমিন উদ্দিন সুফি’র ছেলে। তিনি মঠবাড়িয়া পৌর শহরের মমিম বস্ত্রালয়ের স্বত্তাধিকারী ছিলেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক। অপর নিহত তৌফিক মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাতিবপুর পৌরসভার পূর্ব চন্দ্র গ্রামে। তিনি ওই এলাকার মৃত গুলজার মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তৌফিক মিয়া মঠবাড়িয়া পৌর শহরে দীর্ঘদিন ধরে নওরিন ওয়াশিং পাউডার নামের কাপড় ধোয়ার পন্য বিক্রি করতেন।
আহতরা হলেন, ভান্ডারিয়া উপজেলার বোথলা গ্রামের মৃত আমজাদ মাষ্টারের স্ত্রী গোলেনুর বেগম (৭০), মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী সেতারা বেগম (৫৫) ও মিরুখালী গ্রামের আব্দুল হাকিম খানের ছেলে সালাম খান (২২)।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুস সালাম হাওলাদারের মৃত্যু হয়েছে। এছাড়া আশংকাজনক অবস্থায় বরিশাল নেয়ার পথে তৌফিক মিয়া নামের আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশংকা মুক্ত।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রটি আটক করা হয়েছে। এ ঘটনায় মাহেন্দ্র চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
