প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন-২০১৭ || মঠবাড়িয়ায় নব-সরকারী শিক্ষকদের বর্জন!
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ঘোষিত তফসিল প্রচার-প্রচারনা ছাড়াই এক তরফা ও গোপনে ঘোষনা করার অভিযোগ করেছেন নব-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষকরা। কোন মাইকিং, পোষ্টারিং, হ্যান্ডবিল ছাড়াই নির্বাচন তফসিল ঘোষণা করায় অনেক শিক্ষক তাদের ইচ্ছা থাকা সত্বেও নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন নি। ওই নির্বাচনকে কেন্দ্র করে নব-সরকারী শিক্ষকরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। বঞ্চিত শিক্ষকরা নির্বাচন কমিশন ও পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত রায়ের কাছে লিখিত অভিযোগ করে ওই তফসিল বাতিল করে পুণরায় নতুন তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবী করেন।
এ ব্যাপারে চেয়ারম্যান নির্বাচন কমিশন ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত রায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চত করে বলেন, নির্বাচন খুব কাছাকাছি তাই আমি দ্রুত ব্যবস্থা নিতে পারছি না, তবে কেন্দ্রীয় সমিতির সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ১৯ মে মঠবাড়িয়া প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০১৭-এ মোট ৫১টি পদে ১ হাজার ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সমিতির নেতা নির্বাচন করবেন।
