দুর্বৃত্তদের হামলায় সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষক আহত
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোস কুমার মজুমদার দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে পিরোজপুর শহরতলীর কুমারখালী এলাকায় ৫/৬ জন দুর্বৃত্ত শিক্ষক সন্তোস মজুমদারের উপর হামলা করে তাকে মারধর করে। হামলাকারীরা তার চোখ ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিলঘুষি এবং জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে চিকিৎসারত স্কুল শিক্ষক সন্তোষ মজুমদার জানান, শুক্রবার রাত ৯ টার দিকে তিনি কুমারখালী এলাকার সাঈদ খানের ছেলেকে প্রাইভেট পড়িয়ে ঐ বাসা থেকে বের হয়ে শহরে আসছিলেন। হঠাৎ করেই কিছু লোকজন তার উপর হামলা করে মারধর করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে কি কারণে তাকে মারধর করা হয়েছে তা সে জানেনা।
পিরোজপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, শুক্রবার রাতে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোস কুমার মজুমদারকে মারধর করা হয়। তবে এ বিষয়ে তিনি মামলা না করে মিমাংসা হবেন বলে থানায় একটি অঙ্গীকারনামা দিয়েছেন। তাই কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।
