বাগেরহাটে সন্ত্রাসীদের তান্ডবে এলাকা ছাড়া একটি পরিবার
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর গ্রামে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের ধারাবাহিক তান্ডবে পরিবার পরিজন নিয়ে বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে একটি পরিবার। স্থানীয় এমপি, পৌরসভা মেয়র ও থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন সহযোগিতা না পেয়ে মোঃ রুহুল আমিন সরদার নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে স্বপরিবারে বাগেরহাট প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল আমিন সরদার ও তার স্ত্রী লিপি বেগম বলেন, বাগেরহাট সদর উপজেলার ভাতশালা গ্রামের আকুব আলী ফকিরের ছেলে তরিকুল ইসলাম ছোট তার ভাই গেদু বাবু এবং সোহাগ ও হৃদয়ের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ৩০ এপ্রিল সন্ধ্যায় পার্শ্ববর্তী বেমরতা ইউনিয়নের সুলতানপুর গ্রামের রুহুল আমীন সরদারের বাড়ীতে হামলা চালায়। এর আগেরদিন বিকেলে অনুরূপ হামলা চালিয়ে রুহুল আমীনের স্কুলপড়–য়া দুই ছেলে আউয়াল ও নাইমকে মারপিট করে। এ সময় ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তার স্ত্রী লিপি বেগম, বড়ভাই আবুল বাশারকেও বেধড়ক মারপিট করে আহত করে। ঘটনার পর সন্ত্রাসীদের অব্যাহত হুমকী ও তান্ডবে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন পরিবার পরিজন নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
সংবাদ সম্মেলন করে রুহুল আমীন আরো বলেন, ভাতশালা গ্রামের ওই তারিকুল ইসলাম ছোট নিজস্ব বাহিনী গঠন করে এলাকায় ব্যাপক চাঁদাবাজী করছে। মৎস্য ঘের থেকে শুরু করে এলাকার প্রায় প্রতিটি বাড়ী থেকে নানা অজুহাতে চাঁদা আদায় করছে ওই ছোট বাহিনী। তাদের নামে একাধিক মামলা ও অভিযোগ থাকা স্বত্বেও আইন-শৃংখলা বাহিনী কোন পদক্ষেপ নিচ্ছেনা।
রুহুল আমীন সরদার বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি বরং এখন রাজনীতি করাতো দুরের কথা পুনঃ আক্রমনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় এমপি, পৌরসভার মেয়র ও ও থানা পুলিশে অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
