কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে মসজিদ ও ঘরবাড়ি
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়ে চিরাপাড়া ইউনিয়নের সুবিদপুরের বাদামতলা নামক স্থানে জামে মসজিদসহ ঘরবাড়ি ও দোকান বিলীন হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, বাদামতলা খেয়াঘাট এলাকা জুড়ে বিরাট অংশে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। সুবিদপুরের সিদ্দিক জানান বাদামতলা লঞ্চ ঘাট এখন সন্ধ্যা নদীর মাঝখানে। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাদামতলা লঞ্চ ঘাট, খেয়াঘাট, বাজার ও কয়েকশত বাড়ি ঘর।
সুবিদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, প্রতি বছরই সন্ধ্যা ও কঁচা নদীর ভাঙ্গনের কবলে পড়ে নদী তীরবর্তী গ্রামগুলো। গত ২০ বছরে সন্ধ্যার করাল গ্রাসে সুবিদপুরের কয়েকশ বাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে নদী শাসনের উদ্যোগ না নিলে বাড়ি ঘর রক্ষা করা যাবে না।
ক্ষতিগ্রস্থরা জানান, চলতি বছর ভাঙনের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ভাঙনের ফলে স্থানীয় ক্ষুদে ব্যবসায়ীদের এখন পথে বসার অবস্থা। বারবার দোকান সরানো এবং সবসময় আতংকে থাকতে হয়।
চিরাপারা-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন বলেন, স্বাধীনতার পর থেকে ভাঙন রোধে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। যুগযুগ ধরে কঁচা ও সন্ধ্যা নদী ভাঙ্গছে। প্রতিদিন এ জনপদের মাটি, স্থাপনা ও বৃক্ষরাজি সন্ধ্যার করাল গ্রাসে চলে যাচ্ছে।
