দেশের উন্নয়নে নারীদেরও ভূুমিকা নিতে হবে …. এ কে এম এ আউয়াল
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল বলেছেন, দেশের উন্নয়নে নারীদেরও ভূুমিকা নিতে হবে। সেক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার দেশে নারীদের ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার একটি নারীবান্ধব সরকার। জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বর্তমান সরকার নারীদের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে।
আজ রবিবার বিকেলে পিরোজপুরে জেলা জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নব গঠিত জেলা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, এখন আর নারীরা শুধুমাত্র ঘরের মধ্যে থেকে সংসারের কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষিত নারী তাদের যোগ্যতা অনুযায়ী যেমন বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরে চাকুরী করছেন। অন্যদিকে একটু কম শিক্ষিত ও দরিদ্র নারীরা জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও অর্থ সহায়তা নিয়ে নানা আয়বৃদ্ধিমূলক কাজ করে স্বাবলম্বী হচ্ছে।
জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা লায়লা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, পিরোজপুর সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির সদস্য সাহিদা বারেক, নুরজাহান বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীরা চৌধুরী।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা অফিসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং নব গঠিত কমিটির সংবর্ধনা দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
