আজকের শিশুরাই আগামী দিনে রাষ্ট্রের নেতৃত্ব দিবে … মহিউদ্দিন মহারাজ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে রাষ্ট্রের নেতৃত্ব দিবে। এদের মধ্য দিয়েই আমাগী দিনে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হবে। তারা হবে রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা। তাই শিশুরা যাতে
সঠিকভাবে লেখাপড়া করে একজন মেধাবী ও যোগ্য মানুষ হতে পারে সেদিকে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকসহ সকলের দৃষ্টি রাখতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও যাতে শিশুরা বিকশিত হতে পারে সে ব্যবস্থাও করতে হবে। তাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও মনোনিবেশ ঘটাতে হবে।
আজ রবিবার পিরোজপুরে জেলা সাংস্কৃতিক উৎসব-২০১৭ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ ইসমাইল হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন।
জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমী যৌথভাবে এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু সংগঠনের শিশুরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও শিশু সংগঠনের নেতৃবৃন্দের হাতে সম্মাণনা ক্রেষ্ট এবং পুরস্কার তুলে দেয়া হয়।
