কাউখালীতে পল্লী বিদ্যুতের কর্মীদের উপর হামলা : আহত ৩
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করতে গেলে পল্লী বিদ্যুৎ সমিতির তিনজন বিদ্যুৎ কর্মীর উপর হামলা ও তাদের মোটর সাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের পার-সাতুরিয়া গ্রামে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত হলেন, লাইনম্যানরা পার্থ দত্ত, মোসাব্বির হোসেন ও রাকিবুল।
পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য পার-সাতুরিয়া কালু সরদারের বাড়ীর সামনে রাতে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কাজ করছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগের লাইন মেরামতের জন্য দেরিতে আসার অভিযোগ এনে আবু সায়েম স্বপন ও জাহিদুলের নেতৃত্বে ৩/৪ জন সদস্যের একটি দল তাদের উপর হামলা চালিয়ে মারধর করে এবং তাদের মোটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে কাউখালী থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
এদিকে, এ ঘটনার পর রাতেই পল্লী বিদ্যুতের কর্মীরা অভিযুক্ত স্বপন, জাহিদুল, এমদাদুলে বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে এবং তাদের মিটার খুলে নিয়ে আসে বলে জানা গেছে।
এ ব্যাপারে কাউখালী পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ কাজী হাবিবুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযুক্ত চার জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
