বাগেরহেটে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ : পুলিশের লাঠিচার্জ ॥ আহত অর্ধশত
বাগেরহাট প্রতিনিধি :
দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাট মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস্ শিক্ষার্থীরা ৪দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করেছে পুলিশ।
বুধবার দুপুরে শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহরের দড়াটানা ব্রিজের টোল প্লাজার সামনে মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাতে লাঠিচার্জ করে। তীব্র গরম ও পুলিশের লাঠিচার্জে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধ থেকে বিরত থাকতে পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও শিক্ষার্থীরা তা না মানায় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস্ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার ব্যবস্থা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারীভাবে ১০ম গ্রেডে নিয়োগ ও বেসরকারী ক্লিনিক ও হাসপাতালে ম্যাটস থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করাসহ ইন্টার্নশীপে ভাতা প্রদানের দাবীতে বিক্ষোভ মিািছল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বাগেরহাট ম্যাটস এর সভাপতি মোঃ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মোঃ ইয়ার মাহমুদ জানান, দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করি। পরে আমরা দড়াটানা ব্রিজের সামনে সড়কে অবস্থান করলে পুলিশ আমাদের উপর চাড়াও হয়। এসময় পুলিশের লাঠিচার্জে আমাদের অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ম্যাটস্ শিক্ষার্থীরা তাদের দাবী আদায়ের লক্ষে সড়ক অবরোধ করলে সড়কে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটি গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেই। পুলিশ কোন শিক্ষার্থীর উপর লাঠিচার্জ বা কাউকে আটক করেনি।
