ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলার বাদীকে হত্যা ও স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি
ইন্দুরকানী প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে রাজাকার মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা করায় মামলার বাদীকে প্রকাশ্যে হত্যা এবং তার স্ত্রী ও কন্যাকে ধর্ষণের হুমকি দিয়েছে রাজাকার পুত্র। এ ঘটনায় মামলার বাদী দেলোয়ার হোসেন ফরাজী শনিবার ইন্দুরকানী থানায় রাজাকার মান্নান খান ও তার ছেলে রফিকুল ইসলাম (সবুজ) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন।
থানা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ইন্দুরকানী থানার রামচন্দ্রপর গ্রামের মৃত জুলমত আলী খানের ছেলে আঃ মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ১৯টি অভিযোগ এনে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একই গ্রামের দেলোয়ার হোসেন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুজ্জামান আগামী ৩ মে শুনানির দিন ধার্য করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাজাকার মান্নান খান এবং তার ছেলে রফিকুল ইসলাম বাদীর বাড়িতে গিয়ে প্রকাশ্যে বাদীকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মামলা না তুলে নিলে তাকে হত্যা করা হবে এবং তার স্ত্রী ও কন্যাকে ধর্ষণ করা হবে বলে হুমকী দেয়। এ সময় মামলার আসামী তালিকাভুক্ত রাজাকার মান্নান খানের ছেলে রফিকুল ইসলাম দম্ভোক্তি প্রকাশ করে হুমকি দেয়, মামলায় তার পিতার বিরুদ্ধে ১৯৭১ সালে যেভাবে ধর্ষণের অভিযোগ করা হয়েছে সেভাবে বাদীর স্ত্রী-কন্যাকে ধর্ষণ করা হবে। তাদের হুমকি দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন মোঃ মুনসুর আলী সিকদার, মোঃ জয়নাল হাওলাদার, মোঃ সরোয়ার আকন প্রমুখ।
এ ঘটনায় শনিবার রাজাকার মান্নান খান ও তার ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নং-৮৪৫।
মামলার বাদী দেলোয়ার হোসেন জানান, রাজাকার মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা করায় সে আমার বাড়িতে গিয়ে আমাকেসহ আমার পরিবারকে হত্যা ও আমার স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি দিয়েছে।
