স্বরূপকাঠি পৌর বিএনপি || আহবায়ক কমিটি দিয়ে চলছে চার বছর
মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠী :
২০১২ সালের ২৫ ডিসেম্বর গঠিত তিন মাসের আহবায়ক কমিটি দিয়ে চার বছর ধরে চলছে স্বরূপকাঠি পৌর বিএনপি। দলীয় নেতাদের মতবিরোধের কারনেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তবে শোনা যাচ্ছে নেতা-কর্মীদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খুব শ্রীঘ্রই ঘোষিত হতে যাচ্ছে স্বরূপকাঠি পৌর বিএনপির কার্যকরী কমিটি।
দলীয়সূত্রে জানাযায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সর্বশেষ তিন মাসের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয় স্বরূপকাঠি পৌর বিএনপির।
শফিকুল ইসলাম ফরিদকে আহবায়ক ও কাজী আনিছুজ্জামান, মোঃ মনিরুজ্জামান খোকনসহ কয়েকজনকে যুগ্ন আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়। আর সেই থেকে এ আহবায়ক কমিটি দিয়ে দীর্ঘ বছর চলে আসছিল স্বরূপকাঠি পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। পরে আহবায়ক কমিটির কেউ কেউ সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আশা করে আসলেও কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ তাদের অনুগত নেতা-কর্মীদের নিয়ে পুনাঙ্গ কমিটি বানানোর চেষ্টা চালানোয় তিন মাসের ওই আহবায়ক কমিটি ঝুলে আছে চার বছর ধরে। এজন্য কমিটিতে পদ পেতে মরিয়া নেতারা আলাদা আলাদা হয়ে জেলা নেতৃবৃন্দর কাছে চালাতে থাকে তদবীর। তবে সেই তদবির, জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলতি মাসের মধ্যেই ঘোষিত হতে পরে স্বরূপকাঠি পৌর বিএনপির কমিটি।
এদিকে শীঘ্রই ঘোষিত হতে যাওয়া ওই স্বরূপকাঠি পৌর বিএনপির কার্যকারী কমিটির সভাপতি, সম্পাদকসহ সাংগঠনিক পদে আসছে কাদের নাম তা নিয়ে তৃণমুল নেতা-কর্মীদের মধ্যে নেই বিন্দু মাত্র আগ্রহ। কারণ জানতে কথা হয়েছিল আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মোঃ মনিরুজ্জামান খোকনের সাথে। তিনি অভিযোগ করে বলেন, আমরা একটি কাউন্সিলের মাধ্যমে কমিটি করতে চেয়েছিলাম। কিন্তু জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল সাহেব কাউন্সিল ছাড়া শফিকুল ইসলাম ফরিদকে আহবায়ক ও কাজী আনিছুজ্জামানকে সম্পাদক করতে চায়। এমনকি কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের লক্ষে আমি (যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান খোকন) দলের হাইকমান্ড পর্যন্ত চেষ্টা করেছিলাম। কিন্তু বাবুল গাজী থেকে বের হতে পারলাম না। তাই এই কমিটির গঠনের বিষয়ে কোন আগ্রহ নেই।
স্বরূপকাঠি পৌর বিএনপির মেয়াদ উর্ত্তীন্ন আহবায়ক কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল জানান, অনেক আগেই স্বরূপকাঠি পৌর বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্ড নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে একটি কমিটির প্রস্তাব তাদের কাছে পাঠিয়েছেন। চলতি মাসের কয়েক দিনের মধ্যেই পিরোজপুর দলীয় কার্যালয় বা স্বরূপকাঠি গিয়ে সবার সামনে সে কমিটি ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, কাউন্সিলের মাধ্যমে কয়েকবার কমিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরে পরিবেশ পরিস্থিতি কারনে পৌর বিএনপির নেতৃবৃন্দ পৌরসভার প্রতিটি ওয়ার্ড নেতা-কর্মীদের মতামত নিয়ে আমাদের কাছে একটি কমিটি সাবমিট করেছে। পরিবেশ বুঝে জেলার বিভিন্ন কমিটিগুলো জেলায় বসে অথবা স্থানে গিয়ে ঘোষণা করা হবে।
