মঠবাড়িয়ায় পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়ায় পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হল, নাজমুল (১১) ও নাঈম (০৮)। তারা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ফিরোজ হাওলাদারের ছেলে।
জানাযায়, এক মাস আগে শিশু দুটির মায়ের মৃত্যুর পর তাদের মামা মঠবাড়িয়া এনে তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেয়া হয়। আজ সোমবার দুপুরে মাদ্রাসার ক্লাশ শেষে পার্শবর্তী পুকুরে ওই দুই সহোদর গোসল করতে যায়। এসময় ছোট ভাই পুকুরে পড়ে গেলে বড় ভাই ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদরই পানিতে ডুবে যায়।
দুই সহোদরের মামা সোহেল দর্জি জানান, আমার বোনের মৃত্যুর পর ওদের লালন-পালন করার কেউ না থাকায় চট্টগ্রাম থেকে ওদের বাবার কাছ থেকে নাজমুল ও নাঈমকে এখানে নিয়ে আসি। বাড়ির পাশে তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি আবাসিক মাদ্রাসায় ভর্তি করে দেই।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আঃ কুদ্দুস জানান, সোমবার সকালে মাদ্রাসায় ক্লাশ শেষে দুপুরে মাদ্রাসা সংলগ্ন পুকুরে ওই দুই সহোদর গোসল করতে গেলে ছোট ভাই পুকুরে পড়ে গেলে বড় ভাই ছোট ভাই নাঈমকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদরই পানিতে ডুবে যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
