প্রধান সূচি

পিরোজপুর-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ।। শত শত মানুষ ভোগান্তিতে

কন্ঠ রিপোর্ট :

আজ সোমবার থেকে ঢাকার সাথে পিরোজপুরের সরাসরি যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে ঢাকা থেকে পিরোজপুর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

পিরোজপুরের সরকার দলীয় সাবেক এক ছাত্রনেতার সাথে চার দিন আগে ঢাকাগামী পরিবহন সেবা গ্রীণ লাইন পরিবহণের ড্রাইভার ও হেলপারের সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে গতকাল সোমবার সকাল থেকে পিরোজপুর থেকে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী ঢাকাগামী সকল পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। জানাগেছে, গোপালগঞ্জ থেকে এসব পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে ঢাকা-পিরোজপুর রুটের কোন যাত্রীবাহী পরিবহন উভয় প্রান্ত থেকে ছেড়ে যায় নি। এর আগে গত রবিবার পিরোজপুর থেকে সেবা গ্রীন লাইনের বাস চলাচল বন্ধ বন্ধ করে দেয়া হয়।

এদিকে, রবিবার রাতে পিরোজপুর থেকে ঢাকাগামী পর্যটক পরিবহণের একটি বাস ছেড়ে যাওয়ার পর গোপালগঞ্জে আটকে সেখানকার পরিবহণ শ্রমিকরা যাত্রীদের নামিয়ে দিয়ে ড্রাইভার ও ষ্টাফদের মারধর করে এবং এ পথে পিরোজপুরের কোন যাত্রীবাহী বাস গেলে তা ভাঙ্গচুর ও হামলার হুমকি দেয়া হয় বলে পিরোজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান। তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিসকাত আরও হুমকি দিয়েছেন যে, গোপালগঞ্জে পিরোজপুরের কোন যাত্রী পেলে তাদের উপরও হামলা করা হবে।

পিরোজপুরের সেবা গ্রীণ লাইন কাউন্টারের পরিচালক আবু সাঈদ জানান, এ কোম্পানীর একটি নৈশ বাসে করে গত বৃহস্পতিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ পিরোজপুরে আসার পথে শুক্রবার সকালে বাসের সুপারভাইজারের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় বাসের হেলপার শুভকে প্রহার করে গোপালগঞ্জ নেমে যায়। বাসটি পিরোজপুর প্রান্তে আসলে শুভ বাস থেকে ড্রাইভার দীন ইসলামকে নামিয়ে কাউন্টারে মারধর করেন। এ ঘটনার পর থেকে সেবা গ্রীণ লাইনের পিরোজপুর-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়। এরপর পিরোজপুরের পরিবহণ শ্রমিক নেতারা গোপালগঞ্জের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু এ সমঝোতার বৈঠক গোপালগঞ্জে করতে হবে এই শর্তের কারণে বৈঠকটি স্থগিত থাকার পর গতকাল সোমবার থেকে পিরোজপুর থেকে ঢাকাগামী সকল পরিবহণ চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার বিষয়ে পিরোজপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ফয়সাল মাহাবুব শুভ বলেন, নাইট কোচের বাসটি ড্রাইভার না চালিয়ে হেলপার চালাচ্ছিল। বিষয়টির প্রতিবাদ করলে বাসের রমজান নামে এক হেলপার আমার (শুভ) সাথে খারাপ আচরণ করে। পরে বাসটি গোপালগঞ্জ এলে সেখানে বাসের শ্রমিকরা মিলে আমাকে লাঞ্চিত  করে। শুভ জানান, বাসটি বৃহষ্পতিবার রাত ৩ টার মধ্যে পিরোজপুর এসে পৌছানোর কথা থাকলেও বাসের ড্রাইভার ও হেলপারদের খামখেয়ালীর কারনে সেটি শুক্রবার সকাল ১০ টার পর পিরোজপুরে পৌচ্ছে। এ নিয়ে পরে বাসের ড্রাইভারের সাথে আমার বাকতিতান্ডা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক খোকন জানান, যাত্রী ও হেলাপারের মধ্যে একটি অপ্রতিকর ঘটনার কারনে ঢাকাগামী পরিবহনগুলো গোপালগঞ্জ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি নিরসনে সমিতির নেতৃবৃন্দ আজ বিকেলে গোপালগঞ্জ যাচ্ছি। আশা করছি সেখানে একটা সমাধান হবে।

এদিকে, গোপালগঞ্জ হয়ে পিরোজপুরগামী ঢাকার বাস চলাচল না করায় যাত্রীদের কেউ বাগেরহাটের মহিষপুরা ও শৈলদাহ পর্যন্ত আসা যাওয়া করছেন। সেখান থেকে লোকাল বাসে পিরোজপুরে আসছেন।

উল্লেখ্য, বরগুনার পাথরঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানীসহ জেলা শহর থেকে গোপালগঞ্জ হয়ে প্রতিদিন প্রায় অর্ধশত যাত্রীবাহী বাস ঢাকায় চলাচল করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial