ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ২৩ দোকান পুড়ে ছাই।। ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি
ইন্দুরকানী প্রতিনিধি :
জেলার ইন্দুরকানী উপজেলা সদর বাজারে এক অগ্নিকান্ডে ২৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ইন্দুরকানী বাজারে আলমগীরের মিষ্টির দোকানের চুল্লি থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানাগেছে। আগুন নিমিশেই ছড়িয়ে পড়ে। এতে ২৩টি দোকান একেবারে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
আগুনের খবর পেয়ে পিরোজপুর ফায়ার এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস আসতে এক থেকে দেড় ঘন্টা বিলম্ব করায় ক্ষতির পরিমান বেড়ে যায়।
আগুনে গরীব উল্লাহ শ্রমিক ইউনিয়নের অফিস, আঃ সোবাহান খানের সাথী স্টোর নামে মুদি-মনোহরীর দোকান, মিজানের চায়ের দোকান, গোবিন্দর সেুলন, মিল্টনের কম্পিউটর ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান, বাবুল মালাকারের পানের দোকান, আল-আমিনের পানের দোকান, মোঃ হারুন-অর রশিদের মুদি-মনোহরীর পাইকারী দোকান, আলমগীরের মিষ্টির দোকান, গোপালের কাচাঁমালের আড়ৎ, নয়নের ঔষধের দোকান, রাজ্জাক মাতুব্বরের হোটেল, মোঃ জসিমের প্লাষ্টিক ও ক্রোকারীজের দোকান, মোঃ সরোয়ার গাজীর মুদি দোকান, কানাই লালের সেলুন, আলিমের মুদি দোকান, আশ্রাব আলীর মুদি দোকান, ফজলুল হকের স’মিল একেবারে পুড়ে যায়। এছাড়া আঃ বারেকের মুদি দোকান, শহিদুল ইসলামের কাচামালের আড়ৎ, আবুল কালামের বসত ঘর ও বাজার সংলগ্ন লোহার পুলের উপরের কাঠের স্লিপারে আগুন লেগে আংশিক পুড়ে যায়।
আগুনে মোঃ হারুন অর রশিদের অর্ধকোটি, ফজলুল হকের ২০ লক্ষ টাকা, সাথি স্টোরের মালিক আঃ সোবাহান খানের ৮ লক্ষ টাকাসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। তবে ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, আলমগীরের মিষ্টির দোকানের চুল্লি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
বাজার কমিটির সহ-সভাপতি ডাঃ আঃ ছত্তার জানান, ২৩টি দোকান আগুনে পুড়ে মালামালসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
আজ সোমবার পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, ওসি মোঃ নাসির উদ্দিন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
