মোংলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
মোংলা সংবাদদাতা :
প্রধানমন্ত্রীর জাতীয় শুদ্ধাচার নীতি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মোংলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে রবিবার সকালে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ তালুকদার আব্দুল খালেক।
সমাবেশে মোংলার ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা শিক্ষা অফিসার পুষ্পজিৎ মন্ডল, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, মোংলা কলেজ’র প্রাক্তন অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, মোংলা সরকারী কলেজ’র অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান, পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান জসিম ও থানা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক শ্রেণী কক্ষে যথা সময়ে উপস্থিত হয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান। তিনি শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে দুর্নীতি, অনিয়ম ও লোভ-লালসা হতে বিরত থেকে নিরলসভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, শিক্ষক নুর ইসলাম, হাজেরা গাজী, বিমল কৃঞ্চ ও খান আবুল কালাম।
