বাগেরহাটে চুরির অপবাদ দিয়ে স্কুল ছাত্রকে মারপিট
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের চুরির অপবাদ দিয়ে সৌরভ দাস (১৭) নামের এক স্কুল ছাত্রকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধায় কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের মসনি গ্রামে এ ঘটনা ঘটে। মারপিটে গুরুত্বর আহত অবস্থায় স্কুল ছাত্র সৌরভকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সৌরভ বাঁধাল ইউনিয়নের মসনি গ্রামের জগন্নাথ দাসের ছেলে ও মসনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
রবিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে আহত সৌরভের পিতা জগন্নাথ বিশ্বাস সাংবাদিকদের জানান, মসনি গ্রামের অসিম দাসের বাড়ীর উঠান থেকে হেটে যাওয়ার সময় চুরির অপবাদে তাকে ধরে অসিম দাস ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাফুজ বেধড়ক মারপিট করে। পরে ইউনিয়ন পরিষদের চৌকিদার বসন্ত দাসের মাধ্যমে দড়ি দিয়ে বেঁধে ইউপি সদস্য ফজলু মেম্বারের কাছে নিয়ে যায়। এরপর ইউপি সদস্য ফজলু মোল্লা, নিলয় দাস ও সিবানন্দ দাস তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট চালালে তার মুখ থেকে রক্ত বের হয়ে আসে। পরে সৌরভকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জগন্নাথ বিশ^াস আরো জানান, অসিমের স্ত্রীর সাথে এলাকার প্রভাবশালী আওয়ামী নেতাদের সাথে গভীর সখ্যতা রয়েছে। প্রতি রাতে তাদের বাড়ী এসব নেতাদের নিয়ে মাদকের আসর বসে। ঘটনার দিন সৌরভ অসিমের বাড়ীর উঠান থেকে আসার পথে তা দেখে ফেলায় ক্ষুব্ধ হয়ে অসিমসহ ওইসব নেতারা তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে মারপিট করে।
এ বিষয়ে মোবাইলে ইউপি সদস্য ফজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই ছেলেটি একটি চোর। ঘটনার দিন ওই বাড়ির বারান্দায় সে ওঁত পেতেছিল। তাই তাকে স্থানীয়রা ধরে সামান্য মারপিট করেছে।
