পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ষ্টাফ রিপোর্টার :
বেতন ভাতাসহ সকল সুবিধা রাজস্ব তহবিলে অন্তভূক্ত করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে দাবি জানিয়েছেন পিরোজপুর পৌরসভার কর্মচারীবৃন্দ।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপির প্রদান শেষে শহরের সিও অফিস মোড়ে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তাদের দাবি তুলে ধরেন জেলা শাখার সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি ও নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ, সদস্য সচিব ও পৌর সচিব মোঃ বনি আমিন, পৌরসভার প্রধান সহকারী অমর কৃষ্ণ হালদার, প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন মল্লিক, হিসাব রক্ষক আব্দুস সামাদ ও স্বরুপকাঠী পৌরসভার হিসাব রক্ষক মোঃ নুর মল্লিক।
এসোসিয়েশন নেতারা জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১২৬ ধারা অনুযায়ী পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী বিধি ২১ এ জনসেবক কথাটি উল্লেখ রয়েছে। অথচ জনসেবক হওয়া সত্ত্বেও স্থানীয় সরকারে জন-গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পৌরসভা নিজস্ব তহবিল থেকে প্রদান করা কষ্ঠসাধ্য।
কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ও নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ বলেন, আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২ট াপর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এর মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আগামী ২০ মে ঢাকায় জাতীয় সম্মেলনের মাধ্যমে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
