ইন্দুরকানীতে বাল্যবিয়ে ।। বর ও কনের পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা : ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ
ইন্দুরকানী প্রতিনিধি :
জেলার ইন্দুরকানীতে এক ইউপি সদস্য দায়িত্ব নিয়ে বাল্য বিয়ে দেয়ায় তার বিরুদ্ধে মামলার নির্দেশ এবং বর ও কনের পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা জায়, সোমবার রাতে উপজেলার পত্তাশী গ্রামের হারুন আর রশিদের ছেলে হাছান ফরাজী (১৯) সাথে একই গ্রামের এনছান শেখের মেয়ে নবম শ্রেণির ছাত্রী সানজিদা (১৫)কে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুম বিল্লাহ তার নিজ বাড়িতে নিয়ে বিয়ে পড়িয়ে দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ বর-কনে ও তাদের পিতা-মাতাকে আটক করে। পরে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের তাদেরকে হাজির করলে আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা শুনানি শেষে বাল্য বিয়ে ২০১৭ (৮) আইনের ধারায় বরের পিতা হারুন অর রশিদ ফরাজীকে ২০ হাজার টাকা ও কনের পিতা এনছানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ইউপি সদস্য মোঃ মাসুম বিল্লাহর বিরুদ্ধে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জকে প্রচলিত আইনে নিয়মিত মামলা দেয়ার নির্দেশ দেন।
বর ও কনেকে উভয়ের পিতা-মাতার হেফাজতে দেয়া হয়। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তারা তাদের পিত্রালয়ে থাকবে।
