বাগেরহাটে ৬শ মন জাটকা ইলিশ ও পিরানহা জব্দ
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট শহরের কেবি বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬শ’ মন জাটকা ইলিশ ও ১শ’ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মোঃ মিনহাজ হোসেন (৪০) ও ছত্তার আলী সরদার (৬৫) নামে দুই বিক্রেতাকে আটক করা হয়।
আজ সোমবার ভোরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে আটক মিনহাজ হোসেনকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা ও ছত্তার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত মিনহাজ হোসেন বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা ও ছত্তার আলী কচুয়া উপজেলার বাধাল এলাকার বাসিন্দা।
ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন বলেন, শহরের কেবি বাজারে জাটকা ইলিশ ও নিষিদ্ধ পিরানহার একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৪ টার দিকে বাজারে অভিযান চালানো হয়। এসময় প্রায় ৬শ’ মন জাটকা ও ১শ’ কেজি নিষিদ্ধ পিরানহাসহ কচুয়া উপজেলার বাঁধাল এলাকার ছত্তার আলী ও শহরের বাসাবাটি এলাকার মিনহাজ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিনহাজ হোসেনকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ছত্তার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, নিষিদ্ধ পিরানহা ১ হাজার টাকা কেজি দরে রুপচাঁদা হিসেবে বিক্রি করা হচ্ছিল।
