ইন্দুরকানীতে এক স্কুল ছাত্রী বহিস্কারসহ সাত ছাত্রকে জরিমানা
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে নিয়ে বিরোধের জের ধরে ঐ স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় গতকাল মঙ্গলবার অভিযুক্ত নবম শ্রেনীর ছাত্রীকে বহিস্কার এবং নবম ও দশম শ্রেনীর সাত ছাত্রকে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
জানা যায়, গত রবিবার উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে ওই দিন বিকালে স্থানীয় চন্ডিপুর বাজারে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে দু’দফায় সংঘর্ষ হয়। এঘটনার জের ধরে সোমবার সকালে ক্লাস শুরুর পূর্বে নবম শ্রেণীর ছাত্ররা দশম শ্রেণীর ছাত্রদের উপর আবারও উত্তেজিত হলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় নবম শ্রেণীর এক ছাত্র আজিম পার্শ্ববর্তী একটি হোটেলে গিয়ে আশ্রয় নিলে দশম শ্রেণীর ছাত্র রাসেল ও তার সহোযোগীরা হোটেলে ঢুকে তাকে মারপিঠ করে। এসময় উভয় পক্ষের আজিম, মুন, রাসেল নামের ৩ ছাত্র আহত হয়। পরে খবর পেয়ে চন্ডিপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিন্টু কুমার হালদার জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবম ও দশম শ্রেণীর কতিপয় ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় জড়িত এক ছাত্রীকে বহিস্কার ও ৭ ছাত্রকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
