প্রধান সূচি

পাইকগাছায় গভীর রাতে জমি দখল চেষ্টার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা পৌর এলাকায় প্রতিপক্ষ এক মহিলার বিরুদ্ধে বহিরাগত লোকজন নিয়ে গভীর রাতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক বহিরাগত লোকজন লাঠিসোটা নিয়ে জড়ো হলে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে বহিরাগত লোকজন পিছু হটে যেতে বাধ্য হয় বলে জানাগেছে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগে জানাগেছে, পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের মৃত মনোরঞ্জন মন্ডলের ছেলে অমর রঞ্জন মন্ডল গংদের জিরোপয়েন্ট সংলগ্ন পাইকগাছা-শিববাটী সড়কের পাশে সরল মৌজায় ২২৯ নং খতিয়ানের ৫৭৩ ও ৫৭৪ দাগে ৭৮ শতক জমির মধ্যে ৫২ শতক জমি প্রায় ৫০ বছর যাবৎ ভোগ দখল করে আসছে। ইতোমধ্যে, ৫২ শতক জমির মধ্যে ৩৫ শতক জমি বিক্রয় এবং ৮ শতক জমি সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করে। অবশিষ্ট ৯ শতক জমি অমর গংরা ঘেরা বেড়া দিয়ে ভোগ দখলে আছেন। এদিকে অমর মন্ডল জানান, চিকিৎসার জন্য আমি গত কয়েকদিন বাইরে ছিলাম, এ সুযোগে উপজেলার দক্ষিণ গড়েরআবাদ গ্রামের জিনারুল ইসলামের স্ত্রী প্রতিপক্ষ শরিফা খাতুন প্রায় অর্ধশতাধিক বহিরাগত লোকজন ও লাঠি-শোটা নিয়ে রোববার গভীর রাতে আমার ভোগ দখলে থাকা জমি জবর দখল করার চেষ্টা করে। এরআগে উক্ত জমির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়ের করা মামলা চলমান রয়েছে বলে অমর মন্ডল জানান। বাংলাদেশ পরিবহন শ্রমিকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শেখ মিথুন মধু জানান রাতে ফোনের মাধ্যমে জানতে পারি বহুলোকজন গভীর রাতে জিরোপয়েন্ট এলাকায় জড়ো হয়েছে। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রমিক নেতা শেখ আকরাম হোসেনকে ঘটনাস্থলে পাঠালে বহিরাগত লোকজন তাকে মারতে আসে। বিশিষ্ট ব্যবসায়ী অমরেশ মন্ডল জানান, এ ধরণের খবর শুনে বিষয়টি থানা  পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে বহিরাগত লোকজন পিছু হটে যেতে বাধ্য হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial