নাজিরপুরে মাদক ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড
ষ্টাফ রিপোর্টার :
জেলার নাজিরপুর উপজেলায় নাজমুল শেখ নামের এক মাদক ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। আজ সোমবার বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কিবরিয়া এ রায় দেন। সাজাপ্রাপ্ত নাজমুল শেখ পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল এলাকার মৃত সুলতান শেখের ছেলে। মামলার অপর দুই আসামী উপজেলার ছোট বুইচাকাঠি এলাকার সুলতান মোল্লার ছেলে শহিদুল মোল্লা ও তার ভাই মিরাজ মোল্লাকে খালাস দেয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর বিকেলে নাজিরপুর থানার বুইচাকাঠি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় নাজমুল শেখকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে দুই বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হলে মাদক ব্যবসায় ক্রয়-বিক্রয়ে শহিদুল ও মিরাজের জড়িত থাকার কথা স্বীকার করেন।
এ ঘটনায় ওই দিন রাতেই ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ বাদী হয়ে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
