প্রধান সূচি

কৃষি কাজে প্রযুক্তি যুক্ত হওয়ায় বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে …. আনোয়ার হোসেন মঞ্জু

সাইফুল্লাহ হুমায়ুন ও শংকরজিৎ সমাদ্দার :

পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি (জপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কৃষি কাজে এখন প্রযুক্তি যুক্ত হওয়ায় বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত দেশ হিসেবে বিশ্বে যেমন পরিচিতি পেয়েছে তেমনি আমরা খাদ্য রপ্তানীও করছি। এই ধারা বৃদ্ধিসহ তা বজায় রাখতে কৃষকদের অধিক পরিশ্রমী হতে হবে। সেই সাথে কৃষি কাজে নারীদের অংশ গ্রহণ বাড়িয়ে বাড়ী-ঘরের উঠান-আঙ্গিনা ও পতিত বাগান ফল ও শাকসবজি চাষের আওতায় আনতে হবে।

তিনি আজ রবিবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগে শুধু কৃষি মেলা হতো এর সাথে প্রযুক্তি কথাটি যুক্ত হওয়ার বিষয়টি আমাদের দেশের কৃষির নতুন মাত্রারই পরিচয় বহন করে। আমরা যখন দেশের বাইরে যাই তখন অনেকে জানতে চান এখনও আমাদের দেশে খাদ্য ঘাটতি রয়েছে কিনা। তাদের যখন বলি শুধু এখন খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ নই খাদ্য রপ্তানীও করি। তারা প্রথমে আমাদের এই অভাবনীয় সাফল্যের কথা বিশ্বাস করতে চান না। প্রকৃত পক্ষে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর কৃষি উন্নয়নে বিশাল ভূমিকা ও আন্তরিকতা বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্ত দেশে পৌঁছিয়েছে, তার সাথে কৃষকের অবদানও ব্যাপক।

পরিবেশ ও বন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সকল পর্যায়ের প্রতিটি কাজের খবর রাখেন। তাই জনগণের উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা, নিরুপদ্রব রাখা।

তিনি বলেন, সরকারকে অবশ্যই কাজ করতে দিতে হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষিতে প্রযুক্তি সহযোগিতা যেমন রয়েছে, তেমনি দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সার্বক্ষণিক ও সক্রিয় থেকে ভবিষ্যতে কৃষির আরও উন্নয়ন ঘটাতে হবে। এজন্য সরকারের প্রকল্প সমূহের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা দরকার।

দক্ষিণাঞ্চলে ফসল উৎপাদন বৃদ্ধির কথা উল্লেখ করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এ এলাকার কৃষি উন্নয়নের জন্য ব্যাপক হারে ভেরীবাধ নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। এ কাজ সফল হলে শুধু ফসলই নয় এ অঞ্চলে রবি শস্য উৎপাদনও আশাতীতভাবে বেড়ে যাবে। পাশাপাশি খাল খনন-পুনর্খনন, পুকুর সংস্কারসহ সেচ সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প নেয়া হচ্ছে। এ সকল প্রকল্পসমূহ যাতে যথাযথ ভাবে বাস্তবায়িত হয় সে জন্য এলাকার জনগণকে নজরদারী স্থাপন করতে হবে। আমাদের সমাজে নারীর অনুপাত ৫০ ভাগ। খাদ্য উৎপাদন আরও বৃদ্ধির জন্য কৃষিতে তাদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় সারাদেশে কৃষি বিপ্লব ঘটেছে। কৃষি মন্ত্রীর নিরলস পরিশ্রম আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এ বিপ্লব ঘটছে। বর্তমানে ভান্ডারিয়ায় চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়। তবে উপজেলা কৃষি অফিসের ব্লক সুপারভাইজারদের উপজেলার প্রতি ইউনিয়নে যে ভাবে কাজ করার কথা তা তারা করেন না। তাদেরকে নিজ নিজ কাজের ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে।

ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ বিভাগ পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার, ভান্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারেক।

এসময় মঞ্চে ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম, ভান্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।

উল্লেখ্য, পিরোজপুর কৃষি সম্প্রসারণ বিভাগ এবং পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া নতুন বহুতল বিশিষ্ট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial