স্বরূপকাঠীতে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান শেখরকে কারণ দর্শানোর নোটিশ
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা-আলতা সড়কের পাশ থেকে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগে আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে কারন দর্শাতে বলেছে বন বিভাগ। উপজেলা বন কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন স্বাক্ষরিত ওই শোকজ নোটিশে তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বন বিভাগ থেকে প্রেরিত ওই চিঠিটি মঙ্গলবার চেয়ারম্যানের হাতে পৌছায় বলে নিশ্চিত করেছেন বন বিভাগ। চেয়ারম্যানের বিরুদ্ধে লক্ষাধিক টাকা মুল্যের ৯টি মেহগনি গাছ কাটার অভিযোগ আনা হয়।
বন বিভাগ সুত্রে জানাগেছে, গত ৯ মার্চ চেয়ারম্যানের নিয়োজিত শ্রমিকরা ওই সড়কের পাশে বন বিভাগের রোপিত ৯টি মেহগনি গাছ কেটে ফেলেন। খবর পেয়ে বন কর্মচারীরা সেখানে পৌঁছানোর আগেই চেয়ারম্যানের লোকজন সেখান থেকে চারটি গাছ সড়িয়ে ফেলেন। পরে ঘটনাস্থল থেকে বাকী পাঁচটি গাছ জব্দ করেন বন কর্মকর্তা।
সরকারি গাছ কাটতে শ্রমিক নিয়োগ করার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান শেখর কুমার সিকদার বলেন, রাস্তার পাশে থাকা জমির মালিকরা গাছের মালিকানা দাবী করে গাছ কেটেছেন। সেখানে তাকে জড়িয়ে দেয়া শোকজ নোটিশকে তিনি উদ্দেশ্যমূলক ও মানহানিকর বলে উল্লেখ করেন।
