পাইকগাছায় কৃষি কলেজ নির্মান কাজ শুরু করার নির্দেশ : প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় স্থগিত হওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্পের কাজ পূর্ব নির্ধারিত স্থানে পুনরায় শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নুরুল হকের স্থিরচিত্রসহ ডিও লেটার এবং উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সরেজমিন প্রতিবেদনের ভিত্তিতে গত ৯ মার্চ প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদার স্বাক্ষরিত এক পত্রে পরিকল্পনা কমিশনের সচিবকে কৃষি কলেজ স্থাপনে প্রয়োজনীয় অনুমোদন দানের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেন।
২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন কর্মকর্তার সরেজমিন পরিদর্শনের এক প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্পের চলমান কাজ স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, বর্তমান সরকারের শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৩ জুলাই কয়রার এক জনসভায় পাইকগাছা উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় কৃষি ভিত্তিক লেখাপড়ায় আগ্রহ বাড়ে এলাকার ছেলে মেয়েদের মধ্যে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ৩ বছরের মধ্যে শুরু হয় কৃষি কলেজ স্থাপন প্রকল্পের কার্যক্রম। ২০১৩ সালের নভেম্বর মাসে প্রকল্পটি পাশ হয় একনেকে। বরাদ্ধ দেয়া হয় অর্থ। উপজেলার লস্কর ইউনিয়নের পাইকগাছা-কয়রা সড়কের পাশেই চকবগুড়া মৌজায় অধিগ্রহণ করা হয় ২৫ একর জমি। সম্পন্ন করা হয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। মূল অবকাঠামোগত কাজ শুরুর আগেই ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন এক কর্মকর্তা পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রকল্প এলাকা। পরবর্তীতে অধিগ্রহণকৃত নির্ধারিত এলাকা কৃষি কলেজ স্থাপনের জন্য অনুপোযোগী বলে পরিকল্পনা কমিশনের এমন প্রতিবেদনের ভিত্তিতে বন্ধ হয়ে যায় প্রকল্পের সকল কার্যক্রম। এতে চরম হতাশ হয়ে পড়েন এলাকার সর্বস্তরের মানুষ।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপনের কাজ স্থগিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে নির্ধারিত এলাকা কোন জলাভূমি নয় উল্লেখ করে প্রকল্পের কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রতিবেদন স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নূরুল হক গণমাধ্যমের প্রকাশিত সংবাদ কাটিং, কয়েকটি স্থিরচিত্রসহ চলতি বছরের ২২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার দেন। উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান নির্ধারিত এলাকা উপযোগী উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। অবশেষে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের আলোকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থগিত হওয়া কৃষি কলেজ স্থাপন প্রকল্পের কাজ পুনরায় শুরু করার ব্যাপারে নির্দেশনা প্রদান করায় কৃষি কলেজ নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছেন এলাকাবাসী।
কৃষি কলেজের কাজ পুনরায় শুরু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নুরুল হকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
