নাজিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী
ফিরোজ মাহমুদ, নাজিরপুর প্রতিনিধি :
জেলার নাজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যেৎসাহী সদস্য হয়েছে ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষকের পিতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ১৪ বছরের সাজা ভোগকারী আসামী। এ ঘটনা নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার ২৪নং মুনিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলামের পিতা মোদাচ্ছের আলী ১৯৮৬ সালে ২৯ আগষ্ট নির্মমভাবে খুন হয়। এ ঘটনায় তখন তার ছোট ভাই আব্দুল হাকিম বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই খুনের ঘটনায় সে সময় স্থানীয় আবদুর রশিদ চৌধুরী গ্রেফতার হয়। গ্রেফতারের পরে সে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। মামলার বিচারকার্য শেষে আদালত রশিদ চৌধুরীকে খুনী হিসেবে দোষী সাবস্ত করে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন। ১৪ বছর সাজা ভোগ করা খুনী আব্দুর রশিদ চৌধুরীকে স্থানীয় এমপি’র লিখিত সুপারিশে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যেৎসাহী সদস্য করা হয়েছে। ওই খুনের অভিযোগে ১৪ বছর সাজা ভোগ শেষে জেল থেকে বের হয়ে খুনী আব্দুর রশিদ চৌধুরী স্থানীয় কতিপয় আওয়ামী লীগ নেতাদের হাত ধরে সক্রিয় ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়। তবে আব্দুর রশিদ ওই হত্যা মামলায় সাজা ভোগ করার কথা অস্বীকার করেছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘১৯৮৬ সালের ২৯ আগষ্ট গভীর রাতে একদল ডাকাত আমাদের বাড়ীতে ডাকাতি করতে আসে। আমার পিতা তাদের বাধাঁ দিলে ডাকাতরা তাকে নির্মম ভাবে কুপিয়ে খুন করে। ওই ঘটনায় রশিদ চেীধুরীও জড়িত ছিল। মামলায় তার ১৪ বছর সাজা হলেও আমি তাতে সন্তষ্ট নই। তার পরে তাকে আবার আমার স্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যেৎসাহী সদস্য করা হয়েছে। তাকে আবার সভাপতি করার জন্য ওঠে পড়ে লেগেছে একটি মহল। মাঝে মাঝে মনে হয় চাকুরী ছেড়ে দেই। সব ঘটনা আপনাদের বললে হয়তো আমি বাচতে পারবো না।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, কোনো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ব্যাপারে অনিয়মের অভিযোগ পেলে তা সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসারদের তদন্তের দায়িত্ব দেয়া হয়। ইতিমধ্যে এ কারণে অনেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত করাসহ ১৪টিতে এডহক কমিটি গঠন করা হয়েছে। দুটি ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে।
