প্রধান সূচি

কলেজ ছাত্রীকে উত্যক্তে প্রতিবাদ করায় মা ও মেয়েকে মারধর : আটক ১

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তার মা ও বোনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাগেরহাট মডেল থানায় উত্যক্তের শিকার কলেজ ছাত্রীর মা নুরুন্নাহার বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে একটি মামলা করেছেন।

মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উত্যক্তকারী সুমন মোল্লার চাচী ফেরদৌসী বেগম (৩৮) নামে এজাহারনামীয় আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এই মামলার অন্যতম আসামী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নূর ইসলাম মোল্লার স্ত্রী। তার ছেলে জোনা মোল্লাও এই মামলার আসামী।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রাস্তায় বাগেরহাট সরকারি পিসি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থী আসমা খাতুনের মা নুরুনাহার বেগম (৪০) ও স্কুল পড়–য়া ছোট বোন নাঈমা ফেরদৌসি সুমিকে মারধর করে আহত করে প্রতিপক্ষরা। মামলার অপর আসামীরা হলেন, উত্যক্তকারী সুমন মোল্লা, তার বাবা আবু সাঈদ মোল্লা, মা শাহানারা বেগম, বড় ভাই আলিমুল মোল্লা ও ভাবি পাচি বেগম।

উত্যক্তের শিকার কলেজ ছাত্রী আসমা খাতুন অভিযোগ করেন, এপ্রিল মাসে আমার এইচএসসি পরীক্ষা শুরু হবে। আমার মা ও ছোট বোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীরা আমার প্রতিবেশি হওয়ায় ভয়ে বাড়িতে যেতে সাহস পাচ্ছিনা। তারা এখনো আমাকে ও আমার পরিবারকে নানাভাবে ভয়ভীতি দিয়ে যাচ্ছেন। আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি দাবী জানান তিনি।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, হামলাকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। পুলিশ মঙ্গলবার রাত থেকেই হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তারা আত্মগোপণে চলে যাওয়ায় সবাইকে ধরা যায়নি। তবে ওইদিনের হামলায় অংশ নেয়া এক নারীকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদেরও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। হামলার শিকার ওই পরিবারকে নিরাপত্তা দেয়া হয়েছে। বুধবার বিকেলে গ্রেফতারকৃত ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial