প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৩ জাল টাকা ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়া উপজেলায় জাল টাকা বহনের দায়ে তিন ব্যবসায়ীর সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদন্ডাদেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া এলাকার সোবহান চৌকিদারের ছেলে বশির আহম্মেদ (২৮), নদমূলা গ্রামের মৃত আসমত আলী মৃধার ছেলে মালেক মৃধা (৫০) ও মোঃ দুলাল মৃধা (৩৫)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে অভিযান চালিয়ে জাল টাকাসহ বশির আহম্মেদ, মালেক মৃধা ও দুলাল মৃধাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার একটি নোট ও একশ টাকার পাঁচটি নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এস আই নুরুল ইসলাম সিকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আট জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মঙ্গলবার দুপুরে এ রায় দেন। রায়ের সময় আসামী বশির আহম্মেদ উপস্থিত ছিলেন এবং আব্দুল মালেক মৃধা ও দুলাল মৃধা পলাতক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial