কচুয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ডাদেশ
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোঃ জাকারিয়া হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন।
দন্ডাদেশ প্রাপ্ত আসামী মোঃ উজ্জল শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। রায় ঘোষনাকালে আসামী আদালতে উপস্থিত ছিল।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও দুই পক্ষের আইনজীবী মোঃ মনিরুজ্জামান ও এপিপি সীতা রানী দেবনাথ জানায়, ২০১৩ সালের ২ জুন দুপুরে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মোঃ উজ্জল শেখ কোদাল দিয়ে কোপ দিয়ে তার মা শাহিদা বেগমের দুই হাতের ৯টি আঙ্গুল কেটে ফেলে। গুরুতর রক্তাত জখম অবস্থায় এলাকাবাসী শাহিদা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিৎকিসাধীন অবস্থায় শাহিদা বেগমের মৃত্যু হয়। পরে এই ঘটনায় উজ্জলের পিতা মোঃ ফজলুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার র্দীঘ তদন্ত শেষে কচুয়া থানার এসআই বোধন চন্দ্র বিশ্বাস একই বছরের ৬ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।
